লোকসঙ্গীত অনুষ্ঠান ১৪৩৩
১২ অগ্রহায়ণ ১৪৩৩, ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার আয়োজন হলো ছায়ানটের বার্ষিক লোকসঙ্গীত অনুষ্ঠান। এবারের আয়োজন উৎসর্গ করা হয় পাগলা কানাইকে। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় কুটি মনসুর রচিত "কে বলে মানুষ মরে" সম্মেলক গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আরও পরিবেশিত হয় মাতাল রাজ্জাক দেওয়ান, মহেশ চন্দ্র রায়, রাধাবল্লভ সরকার, কাঙাল হরিনাথ মজুমদার, কালু শাহ্ ফকীর ও রমেশ শীল রচিত গান। জাতীয় সঙ্গীতের পূর্বে শেষ পরিবেশনা ছিল পাগলা কানাইয়ের গান। এবারের আয়োজনে ৫টি সম্মেলক ও ১৬টি একক গান পরিবেশিত হয়।..
ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের প্রাক্তনী সম্মিলন, ১৪৩৩
ছায়ানট সংস্কৃতি-ভবনে ২০ অগ্রহায়ণ ১৪৩৩, ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের প্রাক্তনী, শিক্ষক এবং সংগঠক সাধারণ সদস্যদের মিলনমেলা। এই আয়োজন শুরু হবে বেলা ১টা থেকে। নিবন্ধনের শেষ দিন: ৩০ নভেম্বর ২০২৬, সোমবার; নিবন্ধন ফি এক হাজার পাঁচ শত টাকা। অনলাইনে নিবন্ধন করা যাবে ছায়ানটের ওয়েবসাইটে। বুধবার ও সরকারি ছুটির দিন ছাড়া বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ছায়ানট সংস্কৃতি-ভবনে এসেও অনলাইন এবং অফলাইন নিবন্ধন-সেবা নেওয়া যাবে।..
আব্বাসউদ্দীন আহ্মদ স্মরণ, বিশেষ শ্রোতার আসর
১১ কার্তিক ১৪৩৩, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সঙ্গীতশিল্পী আব্বাসউদ্দীন আহ্মদের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে অনুষ্ঠিত হলো ছায়ানটের বিশেষ শ্রোতার আসর। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই আসরে তাঁর গাওয়া গান পরিবেশন করেন শিল্পীরা। শুরুতে কথা বলেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী। এরপর জয়ন্ত রায়ের নেপথ্য উপস্থাপনায় একে একে গান পরিবেশন করেন প্রিয়ন্তু দেব, সুমন মজুমদার, মোছাঃ শরিফা খাতুন, বিমান চন্দ্র বিশ্বাস, মোঃ আবুল কালাম আজাদ, চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়। ভাওয়াইয়া, ভাটিয়ালিসহ তাঁর কণ্ঠে রেকর্ডকৃত আরও নানা ধরনের লোকসঙ্গীত ও নজরুলসঙ্গীত পরিবেশিত হয় এই আসরে।..
শরতের অনুষ্ঠান ১৪৩৩, ২য় দিন
"যোগ দে রে আজ সমান তানে" আহ্বানে ছায়ানটের দুইদিনের শরত আয়োজনের দ্বিতীয়টি অনুষ্ঠিত হলো ২৫ আশ্বিন ১৪৩৩, ১০ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল সাড়ে ৭টায় সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের সাথে ছায়ানটের যৌথ আয়োজনে আরও অংশ নেয় নালন্দা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে পরিবেশিত হয় একক ও সম্মেলক গান-পাঠ-আবৃত্তি-নৃত্য।..
শরতের অনুষ্ঠান ১৪৩৩, ১ম দিন
"যোগ দে রে আজ সমান তানে" আহ্বানে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সাথে ছায়ানটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো শরতের অনুষ্ঠান। ২৪ আশ্বিন ১৪৩৩, ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল সাড়ে ৭টায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে "শরতে আজ কোন্ অতিথি" সম্মেলক নৃত্যগীতের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এতে অংশ নেয় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল, এক্সেল একাডেমি, নালন্দা উচ্চ বিদ্যালয় ও ছায়ানট। সম্মেলক নৃত্যগীত ছাড়াও পরিবেশিত হয় একক ও সম্মেলক গান-পাঠ-আবৃত্তি।..
বর্ষবরণ ১৪৩৩
“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” – ছায়ানটের বর্ষবরণ ১৪৩৩ উদ্যাপনের মূল বক্তব্য। নতুন বছরের ভোর সোয়া ছ’টায়, নবীন আলোর সাথে ছায়ানটের সুরবাণীছন্দের সূচনা হয় চার নবীন শিল্পীর সম্মিলিত পরিবেশনা “জাগো আলোক-লগনে” গানের মধ্য দিয়ে। সকালের স্নিগ্ধ প্রকৃতি এবং মানব ও দেশপ্রেমের গানের পাশাপাশি পরিবেশিত হয় লোক জনজীবনের সুর। বিশেষ সংযোজন, বৃটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী ও পাকিস্তানবিরোধী আন্দোলনের দুর্দম গীতিকার-সুরকার মতলুব আলীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠান গাঁথা হয়েছে ৯টি সম্মেলক ও ১৩টি একক গান এবং ২টি আবৃত্তি দিয়ে। প্রায় দুইশো শিল্পী ছিলেন মঞ্চে। জাতীয়সঙ্গীতের পূর্বে নববর্ষের কথন উপস্থাপন করেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।..